‘গুলশান সোসাইটি নাইট বাজার ২০২৬’ শুরু

রাজধানীর গুলশানে তিন দিনব্যাপী ‘গুলশান সোসাইটি নাইট বাজার ২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে রাত ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ অন্য অতিথিরা ফিতা কেটে অস্থায়ী এ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
৫৪টি প্রতিষ্ঠানের স্টল ও দোকান নিয়ে শুরু হওয়া এ বাজারে স্থানীয় ব্র্যান্ড, খাবারের স্টল, লাইফস্টাইলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। পাশাপাশি গুলশান সোসাইটির কার্যক্রম তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার আয়োজনও থাকছে এখানে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক  শফিকুল ইসলাম খান বলেন, এসব উদ্যোগ সব সোসাইটিতে থাকলে ভালো হতো। সোসাইটিগুলোর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠত।

গুলশান সোসাইটির উদ্যোগে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি–এর সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। আগামী ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বাজারটি উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা জানান, নাইট বাজারে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, খাবারের স্টল, লাইফস্টাইল পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় স্টল রয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম।

তাদের মতে, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সৃজনশীল উদ্যোগ তুলে ধরার পাশাপাশি এলাকাবাসী ও দর্শনার্থীদের জন্য একটি ভিন্নধর্মী সাংস্কৃতিক ও কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গুলশান সোসাইটির কমিটির সদস্যদের পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.