‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের আঁচ লেগেছে এভিয়েশন খাতে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। 

আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে দেশটিতে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল অভিমুখে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি বা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা রয়েছে, সেখানেও হামলা চালাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের অন্তত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে।

এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের ঝুঁকি এড়াতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী, বিমানবন্দরের কর্মী এবং এয়ারলাইন্স ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.