ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসারের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ যাত্রার ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে আদালত এই আদেশ দিয়েছেন ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা জারি করেন। সিআইডির আবেদনের ভিত্তিতে আদালত তাদের স্বার্থ-সংক্রান্ত ২১টি প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সরবরাহের নির্দেশও দিয়েছেন।

সিআইডি জানিয়েছে, আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা এবং তাদের সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি ও বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্পত্তি গড়ে তুলেছেন।

তদন্তের স্বার্থে অভিযুক্তদের দেশত্যাগ রোধ করা এবং তাদের মালিকানাধীন বা স্বার্থ-সংক্রান্ত প্রতিষ্ঠানের নথিপত্র সংগ্রহ করা জরুরি। দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে। এই আদালতের আদেশের ফলে তার বিরুদ্ধে চলমান তদন্ত আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.