স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী হাবিব

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, আমরা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করবো, গার্ডও থাকবে। রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায়। যেখানে রেলগেট আছে, সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করবো। এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।

আজ রবিবার ( ২২ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যে স্টেশন মাস্টার এবং গেটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে। রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে। এ ব্যাপারে কারও গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যাদের ঢাকা নেওয়া দরকার তাদের ঢাকায় নেওয়া হবে। ‌সার্বক্ষণিক আহতদের খোঁজ-খবর রাখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এসময় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.