এমন ট্র্যাজেডির রাতে ইতালির নামের পাশে যোগ হয়েছে আরও একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ইতালিই প্রথম সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল, যারা টানা তিনটি বিশ্বকাপ মিস করছে। আর ইতালির বর্তমান দলের কারোরই বিশ্বকাপ খেলার কোনো অভিজ্ঞতা থাকল না।
এটা যেন বিশ্বাসই করতে পারছেন না ইতালির ফুটবলাররা। গতকাল ম্যাচ শেষে তেমনটাই বললেন দলটির ডিফেন্ডার লিওনার্দো স্পিনাজ্জোলা, ‘এখনো বিশ্বাস হচ্ছে না, আমরা ছিটকে গেছি। সেটাও এমনভাবে। এটা আমাদের, আমাদের পরিবার এবং সেই সব শিশুদের জন্য ভীষণ কষ্টের, যারা ইতালিকে কখনো বিশ্বকাপে খেলতে দেখেনি।’
পেনাল্টি শুটআউটে ইতালির হয়ে প্রথম ও তৃতীয় শটটি মিস করেন এসপোসিতো ও ক্রিস্তানতে। অন্যদিকে চারটি শট নেওয়া বসনিয়া চারটিই জালে জড়ায়। তাতে ইতালির আর শেষ দুটো পেনাল্টি শট নেওয়ার দরকার পড়েনি।
বিলিনো পোলহে স্টেডিয়ামে তখন দুটি ভিন্ন আবহ। একদিকে এক যুগ পর বিশ্বকাপে যাওয়ার আনন্দে বাঁধনহারা বসনিয়া। অন্যদিকে টানা তিন তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা না পেয়ে হতাশার সাগরে বিলীন হওয়া ইতালি।
উল্লেখযোগ্য বিষয়, দুটি দলই এর আগে শেষবার বিশ্বকাপ খেলেছে ২০১৪ সালে। মাত্র ৩৫ লাখ জনসংখ্যার দেশ বসনিয়ার জন্য ওটাই ছিল বিশ্বকাপে প্রথমবার খেলার অভিজ্ঞতাও।