পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে টাইগারদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ে এবং টানা চার টেস্ট ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

আজ বুধবার এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের দুর্দান্ত জয় আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জিতে প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন যেকোনো দলের জন্য এক বড় শক্তির নাম। নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জয়ের রেকর্ড এবারই প্রথম, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের।

প্রতিমন্ত্রী ম্যাচ জুড়ে অসাধারণ পারফরমেন্সের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশের জন্য আরও বড় বড় গৌরব ও সম্মান বয়ে আনবে।

Leave A Reply

Your email address will not be published.