ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ জুন বিকাল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। একই দিনে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করবেন।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য নিশ্চিত করেছে।
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং সামরিক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরে দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন। আর্মি কমান্ডার হিসেবে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের নেতৃত্ব দেন, যা ভারতীয় সেনাবাহিনীতে একটি বিরল অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়।
সামরিক প্রশিক্ষণ ও শিক্ষাক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। হায়ার কমান্ড কোর্স ও ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক হওয়ার পাশাপাশি তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও অংশগ্রহণ করেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্বের কারণে ধীরাজ শেঠকে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও ভবিষ্যৎ রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।