পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর নির্দেশ

স্বাস্থ্যগত অসুস্থতার অভিযোগে আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিচারপতি শহিদ ওয়াহিদ বলেন, ৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। দুর্নীতির মামলায় তিনি ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের শেষ দিকে খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছর একটি হাসপাতালে তার চোখের চিকিৎসা করা হয়। তখন তার পরিবার ও আইনজীবী জানিয়েছিলেন, ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই তিনি হারিয়েছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। তার সরকারের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির প্রভাবশালী সামরিক নেতৃত্বের টানাপোড়েনের মধ্যে এ ঘটনা ঘটে।

এরপর দুর্নীতি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলে আসছে, তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এর কয়েকটি সহিংস রূপ নেয় এবং কয়েক শত মানুষ গ্রেফতার হন।

Leave A Reply

Your email address will not be published.